পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণে সভাটি স্থগিত করা হয়েছে বলে জানানো হয়েছে।আজ সোমবার শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বেলা ১১টায় শ্রমভবনে এ সভা হওয়ার কথা ছিল। সভার নতুন তারিখ নির্ধারণ করে শিগগিরই সংশ্লিষ্ট ব্যক্তিদের জানিয়ে দেওয়া হবে।পোশাকশিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য ন্যূনতম মজুরির হার সুপারিশ করতে এই মজুরি বোর্ড গঠন করা হয়েছে। কথা ছিল, আজ মালিকপক্ষ মজুরির প্রস্তাব দেবে। এর আগে শ্রমিকেরা ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছিলেন।মজুরি প্রস্তাব সম্পর্কে শ্রমিকপক্ষের বক্তব্য, চার সদস্যের পরিবারের পুষ্টি, ক্যালরির চাহিদা, বাড়িভাড়া, চিকিৎসা ও শিক্ষার ব্যয় বিবেচনায় শ্রমিকের স্বাভাবিক জীবনযাপনের জন্য মাসে ৪৫ থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন। তবে শিল্পের সক্ষমতা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় চতুর্থ গ্রেডে সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন তাঁরা।
বিস্তারিত পড়ুন মূল প্রতিবেদনে
